আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নসিমনচালক নিহত

আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:১০ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। বিস্ফোরণের আগুনে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৪টার দিকে উপজেলার যোগিবরাট ভেন্নাতলা বাজারে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিহত বাবুল মোল্যা (৩৫) পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে,পেশায় নসিমন চালক।

‎স্থানীয়রা জানান, বাজারে আগুন লাগার পর বাবুল মোল্যা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।

‎ফায়ার সার্ভিস জানায়, ভোরে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

‎বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত