বড়লেখা সীমান্তে আটক সেই মাদককারবারি কারাগারে

আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৪০ পিএম

বড়লেখা সীমান্তে বুধবার মধ্যরাতে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। সে ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেউটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। এসময় বিজিবি তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে। রাতেই বিজিবি তাকে থানায় সোপর্দ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে বিজিবি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকু- এলাকা থেকে মো. আলী হুসেন (৩২) নামে ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার নিটক থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার পরবর্তী জব্দ করেছে।

জিজ্ঞাসাবাদে সে সীমান্ত চোরাকারবারে জড়িত বলে বিজিবির কাছে স্বীকার করে। সে আরও বলেছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক এবং সীমান্ত চোরাকারবারি।

বিজিবির কাছে সে স্বীকার করেছে মাদক ব্যবসা ও মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। রাতেই তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবির সোপর্দ করা আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত