গাজীপুরে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৩৪ এএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কের দুটি লেন দখল করে শ্রমিকরা এই অবরোধ তৈরি করেন। 

ফলে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকে পড়ে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা গেছে, কারখানাটিতে শ্রমিকদের গত মে মাসের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ একের পর এক তারিখ দিয়ে আসছে। এ নিয়ে কারখানা ছুটির পর শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। এসময় শ্রমিকরা বেতন চেয়ে কারখানার ভেতর আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশেই যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হন।

সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম, মালেক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক বলেন, আমরা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। আর মালিকপক্ষ আমাদের বেতন দিতে গেলেই তাদের কারখানায় লোকশান দেখায়। গত কয়েকদিন ধরে আমাদের বেতন দেবে বলে যাচ্ছে; এখনো খবর নেই। আমরা বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালান।

পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ ও আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে রাত পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত