বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের সৌদি প্রবাসী মেহেদী হাসান শুভ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আরিফ (২৫) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বান্দ রোডের কেডিসি গলির মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত আরিফকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দিয়ে ফেরার পথে শুভর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন সড়ক বিভাজকের লোহার পাইপে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
না ফেরার দেশে কবি আল মুজাহিদী