রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াহিদুজ্জামান (৬০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সিংগারডাক গ্রামের আজিজ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন। তিন মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমামে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন সকালে বাচ্চারা আরবি পড়তে মসজিদে যায়। শুক্রবার সকালেও বাচ্চারা আরবি পড়তে মসজিদে আসে। এক পর্যায়ে ৭ বছরের এক শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে অশোভন আচরণ করে ইমাম। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটকে রেখে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আটক ইমামের বিরুদ্ধে এর আগেও এই অভিযোগ পাওয়া গেছে। কিন্তু বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে।