ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে মরদেহটি সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়।
সান্তাহার জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান, এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।