খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

আপডেট : ২০ জুন ২০২৬, ১০:৪৮ এএম

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে নগরীতে জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এই সমাবেশ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইকে আহবায়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

বিভাগীয় সমাবেশ সফল করার জন্য মেহমান বিভাগ, পরিবহন বিভাগ, ডেকোরেশন বিভাগ, সাউন্ড বিভাগ, মঞ্চ নির্মাণ বিভাগ, নিরাপত্তা বিভাগ, শৃঙ্খলা বিভাগ, প্রচার ও প্রকাশনা বিভাগ, অফিস বিভাগ, ১১ দলীয় ঐক্যের সমন্বয় বিভাগ, মিডিয়া বিভাগ, আইটি বিভাগ, তথ্য বিভাগ, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ, অর্থ বিভাগ, পানি ব্যবস্থাপনা বিভাগসহ ১৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগরীর ৫টি প্রবেশদ্বারে ২০টি তোরণ নির্মাণ করা হয়েছে।       

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। 

আরো উপস্থিত থাকবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। 

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত