বিশ্বজুড়ে ভক্তদের চাহিদার কারণে কে-পপ আইকন বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের শো আরও বাড়ছে। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ফিলিপাইনের বুলাকানে দুটি অতিরিক্ত কনসার্ট যুক্ত করায় ট্যুরটির মোট শোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে।
কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস।
দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম উইভার্স তাদের চলমান বিশ্ব সফরে আরও দুটি অতিরিক্ত কনসার্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর একটি অতিরিক্ত শো অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগামী বছরের ১৬ মার্চ ফিলিপাইনের বুলাকানেও নতুন একটি কনসার্ট আয়োজন করা হবে।
এর আগে জাকার্তার গেলোরা বুং কার্নো মেইন স্টেডিয়ামে ২৬ ও ২৭ ডিসেম্বর দুটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে টিকিটের ব্যাপক চাহিদা এবং ভক্তদের আগ্রহের কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শো যুক্ত করার সিদ্ধান্ত নেন।
একইভাবে ফিলিপাইনের ফিলিপাইন স্পোর্টস স্টেডিয়ামে ১৩ ও ১৪ মার্চ নির্ধারিত দুটি কনসার্টের পাশাপাশি পরবর্তীতে ১৬ মার্চ আরেকটি অতিরিক্ত শো ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশে টিকিটের উচ্চ চাহিদার কারণে ধারাবাহিকভাবে শো বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।
বিটিএসের মিউজিক এজেন্সি বিগহিট জানিয়েছে, ‘আরিরাং’ সফরটি কে-পপ ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় একক বিশ্বভ্রমণ। গত এপ্রিল মাসে শুরু হওয়া এই সফর কোরিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং অস্ট্রেলিয়াজুড়ে বিস্তৃত রয়েছে। বিশ্বব্যাপী এই কনসার্ট সিরিজ আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে।
কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকে এই নামটি বেছে নিয়েছে তারা। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে।