পানিসম্পদ প্রতিমন্ত্রী

ইতিহাসে প্রথম বাজেটের ঘোষণা পর পণ্যের দাম বাড়েনি

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

ইতিহাসে প্রথম বাজেটের ঘোষণা পর পণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আঞ্চলিক সমতার ভিত্তিতে পঞ্চগড়ের উন্নয়ন হবে। বিশেষ করে আমার নির্বাচনী ইশতেহার মোতাবেক বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই দেবীগঞ্জ অর্থনৈতিক জোন পরিদর্শন, বোদা উপজেলায় মিনি স্টেডিয়াম, শহরকে সৌন্দর্য বর্ধন করতে রাস্তাঘাট সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরনসহ যে সকল শিল্প কারখানা বন্ধ হয়ে আছে সেগুলো চালু করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত