ফুটবলপ্রেমীদের জন্য অবিশ্বাস্য এক খবর! অবসর ভেঙে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির ‘সিরি সি’ (তৃতীয় বিভাগ) এর ক্লাব রাভেনা এফসি-র জার্সিতে মাঠে নামবেন তিনি। ইতালিয়ান ক্রীড়া দৈনিক গাজেত্তা দেললো স্পোর্ত এবং সংবাদ সংস্থা আনসা এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই অনুষ্ঠানে ইতালির এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের এই ক্লাবটির নতুন জার্সিও উন্মোচন করা হবে।
২০১৮ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বার্সেলোনা ও এসি মিলানের এই সাবেক জাদুকর। দীর্ঘ ৮ বছর পর আবারও বুট জোড়া পায়ে গলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতোমধ্যে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
নিজের ফেরার অনুভূতি ব্যক্ত করে রোনালদিনহো বলেন, "নতুন রঙ, কিন্তু আমার হাসিটা একই আছে। আমি আবারও বল পায়ে নাচতে এবং ইগনাৎসিও ও পুরো চিপ্রিয়ানি পরিবারের সাথে নতুন একটি অধ্যায় লিখতে উন্মুখ হয়ে আছি। ফুটবল সবসময়ই আমার আনন্দের উৎস।"
রাভেনা এফসি-র সভাপতি ইগনাৎসিও চিপ্রিয়ানি এই চুক্তি সম্পন্ন হওয়ার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তিনি বলেন, "রোনালদিনহোর আগমন আমাদের ক্লাবের জন্য এক অসাধারণ ঘটনা। ও আমার আদর্শ ছিল।"
তবে ৪৬ বছর বয়সে এসে রোনালদিনহো আসলেই মাঠ কাঁপাতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করেছেন ক্লাবের সহ-সভাপতি আরিয়েদো ব্রাইদা। তিনি জানান, "ও কি খেলবে? দেখা যাক, তবে আমি সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছি না। ওর মতো একজন বিশ্বমানের চ্যাম্পিয়নের কোনো বয়স হয় না।"
যদিও রোনালদিনহোর বক্তব্য অনুযায়ী, তিনি কেবল ক্লাবের প্রচারণায় নয়, বরং বল হাতে মাঠেই নামতে চান।
এক নজরে রোনালদিনহোর সোনালী ক্যারিয়ার
২০০৫ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকার ট্রফি ক্যাবিনেট যেকোনো ফুটবলারের জন্য ঈর্ষণীয়:
-
ব্রাজিল দল: ২০০২ বিশ্বকাপ, ১৯৯৯ কোপা আমেরিকা এবং ২০০৫ কনফেডারেশন কাপ।
-
বার্সেলোনা: ২টি লা লিগা এবং ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ।
-
এসি মিলান: ২০১১ সালের সিরি এ (Scudetto)।
-
আতলেতিকো মিনেইরো: ২০১৩ সালের কোপা লিবের্তাদোরেস।