আটোয়ারীতে জাল টাকাসহ ৭ জন আটক

আপডেট : ২০ জুন ২০২৬, ১১:৩৭ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া (৩২) গত বৃহস্পতিবার জাল টাকাসহ ধরা পড়েন। পরে চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আসল নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা চক্রের সঙ্গে জড়িত আরও ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ (৪৮), বাগেরহাটের রামপাল উপজেলার কাশীপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম (২৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিংগাডাঙ্গা এলাকার নুরুল আমিন খানের ছেলে সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের পূর্ব মুগারচর এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার মারিচা এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের পরামর্শক্রমে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত