সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডে পৌঁছেছেন। 

রবিবার (২১ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনির ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়ন সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। এই সমঝোতাকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া এই বৈঠকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে ইরানের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নতুন দফার আলোচনার জন্য সেখানে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন।

আলোচনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে, পাশাপাশি ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত