পাথর বোঝাই ট্রাক উল্টে চালক-সহকারী নিহত

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:২০ পিএম

কুষ্টিয়া সদরের বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও  তার সহকারী নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিচুর রহমান আনিস ও তার সহকারী রতন আলী। তারা ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়ক অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ট্রাকটি আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার স্টেশন ইনচার্জ আরশেদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করা হয়। চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লেগে যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত