৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পান্না সরকার নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার (২১ জুন) সকালে ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত পান্না সরকার (১৮) উপজেলার আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।

শিশুটির পরিবার জানায়, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার পর শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন সড়ক থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টা চালায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। পরবর্তীতে রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রবিবার বিকেল পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত