ঝিনাইদহে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ সময় তিনি ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রবিবার (২১ জুন) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। 

তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ অপরাধ হিসেবেই দেখবে—ভিন্নভাবে বিবেচনা করার কোনো সুযোগ রাখা হবে না। আমি এখানে কাজ করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

সভায় ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বিমল সাহা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, প্রেস ক্লাবের সহসভাপতি এম রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফয়সাল আহমেদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মিরাজ জামান রাজ, শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত