দুই দিনের রিমান্ডে বহিষ্কৃত শিবির নেতা জিসান

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

কুমিল্লার দাউদকান্দির বিধবা নারীর করা ধর্ষণ মামলায় বহিষ্কৃত ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহম্মেদ প্রধানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার (২১ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আদালতে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। বিচারক দুই পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড দেন।

আদালত সূত্র জানায়, গত ১১ জুন বহিষ্কৃত শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। ওইদিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন পাটোয়ারী বলেন, বহিষ্কৃত শিবির নেতা জিসান মিয়া প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ হাজির করে ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের শামছুল আলম শাহ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, জিসান মিয়া প্রধানকে রিমান্ডে এনে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আশা করছি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত