‘লেবাননে অনির্দিষ্টকাল সেনা মোতায়েন থাকবে’

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:১৪ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না। যত দিন প্রয়োজন, তত দিন সেখানে সেনা মোতায়েন থাকবে। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না। খবর: শাফাক নিউজ

রবিবার (২১ জুন) এক স্মরণসভায় নেতানিয়াহু এ কথা বলেন। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি মনে করা গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত রাখা হবে।

তিনি আরও বলেন, চলমান কূটনৈতিক আলোচনা যাই হোক না কেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। গত এক বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও জানান, সীমান্তবর্তী বাফার জোন থেকে ইসরায়েল সেনা সরাবে না। সীমান্ত এলাকায় সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক অভিযানও অব্যাহত থাকবে।

অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত