আর্জেন্টিনার কোনো দুর্বলতাই দেখছেন না অস্ট্রিয়া কোচ 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:৪০ পিএম

টানা ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়, এতে অস্ট্রিয়ার কাছে ফুটবল যেন এখন এক রূপকথার সওয়ারি। কিন্তু সেই রূপকথার ঘোর কাটার আগেই আল্পস পর্বতমালার দেশটির সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বফুটবলের এক হিমালয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা! নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আলবিসেলেস্তেরা, যেখানে লিওনেল মেসি একাই করেছেন হ্যাটট্রিক। দুর্দান্ত ফর্মে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিতে আজ সোমবার ডালাস স্টেডিয়ামে নামছে অস্ট্রিয়া। মাঠের এই লড়াইয়ের আগে অস্ট্রিয়ান কোচ রাালফ রাংনিক অকপটে স্বীকার করে নিয়েছেন, লিওনেল স্ক্যালোনির এই দলটির কোথাও কোনো খুত বা দুর্বলতা খুঁজে পাননি তারা।

গ্রুপ ‘জে’ এর এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের শক্তির গভীরতা নিয়ে রাংনিক বলেন, “যদি আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে কথা বলতে হয়, তবে বলব তাদের কোনো দুর্বলতা নেই, অন্তত আমরা তেমন কিছুই পর্যবেক্ষণ করতে পারিনি। তাদের শক্তির জায়গাগুলো অসাধারণ। একই সাথে তাদের বেঞ্চের গভীরতা এতটাই বেশি যে, তারা চাইলে দুই থেকে তিনটি ভিন্ন মানের একাদশ নামাতে পারে।” 

ম্যাচের সমীকরণ ও কম্পিউটার অ্যালগরিদম যে আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে, তা মেনে নিয়ে রাংনিক বলেন, “আমি জানি না কতজন মানুষ অস্ট্রিয়ার ওপর বা কতজন আর্জেন্টিনার পক্ষে বাজি ধরবেন। তবে আপনি যদি ফুটবল অ্যালগরিদমের দিকে তাকান, তবে তা হয়তো বলবে আগামীকাল আমরা জিতব না।” তবে পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে চমক দেখাতে চান এই মাস্টারমাইন্ড। তাঁর মতে, ফুটবল একটি দলগত খেলা, তাই সাহসিকতা দেখাতে পারলে যেকোনো কিছুই সম্ভব।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূল মঞ্চে খেলছে অস্ট্রিয়া। ফ্রাঙ্কো ফোদার বিদায়ের পর গত তিন বছর ধরে দলটিকে গুছিয়ে তুলেছেন রাংনিক। জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচের জয়টি ছিল গত ৩৬ বছরে বিশ্বকাপে অস্ট্রিয়ার প্রথম জয়। আর্জেন্টিনার মতো পরাশক্তিকে রুখতে দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে লস অ্যাঞ্জেলেস থেকে বিশেষ প্রোটেক্টিভ মাস্ক আনিয়েছেন ডিফেন্ডার স্টিফান পশের জন্য, যা পরে তিনি আগামীকাল মাঠে নামবেন।

দলে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি থাকা আর্জেন্টিনার বিরুদ্ধে নিজেদের চেনা আগ্রাসী স্টাইল ও মানসিকতা ধরে রাখতে মরিয়া অস্ট্রিয়া। ম্যাচের রণকৌশল নিয়ে রাংনিক যোগ করেন, “আমাদের কৌশলগতভাবে অত্যন্ত সুসংগঠিত এবং সাহসী হতে হবে। আগামীকাল (আজ সোমবার) আমাদের সেরা খেলাটা খেলতে হবে, যা হয়তো আমার কোচিং মেয়াদে দলটির সেরা পারফরম্যান্স হতে যাচ্ছে। আর্জেন্টিনা নিঃসন্দেহে এক অনন্য উচ্চতায় খেলছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামীকাল আমরা কোন স্তরের ফুটবল উপহার দেব।”

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১১টায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত