ঈশ্বরগঞ্জে চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৩৫টি কারেন্ট জালসহ মোট ৩৬টি অবৈধ জাল জব্দের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল ডাংরী গ্রামের একটি বিল থেকে ২০০ মিটার দীর্ঘ একটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দের পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, ধ্বংস করা একটি চায়না দুয়ারি জাল ও ৩৫টি কারেন্ট জালসহ মোট ৩৬টি জালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং জলজ পরিবেশের জন্যও ক্ষতিকর। অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে একটি চায়না দুয়ারি জাল ও ৩৫টি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। কারেন্ট জালের ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত