কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নগরীর কোথাও রাস্তায় নামেনি দলটির নেতাকর্মীরা। তবে তাদের যে কোন ধরনের তৎপরতা ঠেকাতে দিনভর কঠোর অবস্থানে ছিল ক্ষমতাসীন দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নগরীর জিইসি মোড়ে মহানগর সেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখতে গিয়ে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, কোন নিষিদ্ধ সংগঠন, কোন বাংলাদেশ বিরোধী সংগঠন, জনগণের বিরুদ্ধের কোন সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নগরীর বিভিন্ন স্থানে একাধিক ঝটিকা মিছিল করতে দেখা গেলেও মঙ্গলবার নগরীর কোথাও তাদের মিছিল দেখা যায়নি। বরং তাদের যে কোন ধরনের তৎপরতা প্রতিরোধে নগরীর বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচী ঘোষণা করে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। নগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমানের নেতৃত্বে সকাল থেকেই নগরীর কাজির দেউড়ি মোড়ে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। সেখানে তারা সমাবেশ করে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোন ধরনের বেআইনী তৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেলসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মহানগর যুবলীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদের আহ্বানে এদিন নগরীর বহদ্দার হাট, পাহাড়তলী, ডবলমুরিং, ইপিজেড মোড়সহ বিভিন্ন স্পটে অবস্থান কর্মসূচী পালন করে যুবদল কর্মীরা।
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সকাল থেকে নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচী পালিত হয়। সেখানে নগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু'র সভাপতিত্বে ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, 'আমরা চাইনা বাংলাদেশে কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করুক এবং কোন নিষিদ্ধ সংগঠন, যতোক্ষণ না পর্যন্ত এটা উড্রো করা হচ্ছে, এই জুলাই গণহত্যার জন্য যতোক্ষণ না পর্যন্ত আইনের আওতায় আসছে, সবার সামনে নিশ্চিত করা হচ্ছে কোনো নিষিদ্ধ সংগঠন, কোনো বাংলাদেশ বিরোধী সংগঠন, জনগণের বিরুদ্ধের কোনো সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আমি আবারও আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতাকর্মীরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে জমায়েত আছেন যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একি সাথে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দলের যে নীতি, আমাদের নেতার যে দিকনির্দেশনা সেটি মেনে আমরা রাজপথের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবো, সেটা যাতে জনসাধারণের কোন প্রকার দুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকে আমরা নজর রাখবো।'
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাছির প্রমুখ বক্তব্য রাখেন।