১৪ দিনে ব্যবসার লাইসেন্স দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম

বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনা হবে।

বুধবার (২৪ জুন) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসএমই খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাতের ব্যাপ্তি যত বেশি থাকবে অর্থনীতির গতি তত বাড়বে। এসএমই খাতে গতি আনতে আগামী দিনে নতুন করে আরও বিসিক শিল্পপার্ক করা হবে। সরকারের লক্ষ্য এই খাতে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা।

এসময় বিগত সরকার অল্প দিনে অনেক ঋণ নিয়েছে, কিন্ত বাস্তবে অর্থনৈতিক উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমাতে মধ্যবর্তী অযৌক্তিক দাম বাড়ানোর জায়গাগুলো বন্ধ করা হবে। পাশাপাশি আগামী দিনে আমদানি নির্ভর পণ্য মজুদ করা হবে।

এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত