অন্যের জমিতে বাড়ি নির্মাণে বাধা, বৃদ্ধ বাবা-মাসহ ছেলেকে পিটিয়ে জখম

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

বড়াইগ্রামে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক অন্যের জমি দখল করে বাড়ি তৈরির চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। এতে বাধা দেয়ায় জমির মালিকসহ তার বৃদ্ধ পিতামাতাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বুধবার (২৪ জুন) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মৌজায় ২৭০০ হালদাগে নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন ৫.৫২ শতাংশ জমি শাহীন খান ও তার আরো দুই ভাইবোন ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রায় দুই বছর আগে কালিকাপুর মহল্লার মকছেদ আলী মণ্ডল ও তার ছেলেমেয়েরা জমিটি তাদের বলে দাবি করে মামলা দায়ের করেন। তবে শুনানি শেষে মামলার রায় শাহীন খানের পক্ষে আসে। পরে তারা আপিল করলে উচ্চ আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু তা অমান্য করে মঙ্গলবার মকছেদ আলী ও তার ছেলেরা জোরপূর্বক সে জমিতে ইট, বালু লোহার রড নিয়ে ঘর নির্মাণ শুরু করেন। এতে বাধা দিতে গেলে তারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহীন খান (৪৭), তার পিতা-আব্দুর রহিম খান (৭০) ও মা জরিনা বেগমকে (৬৫) পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।  

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মকছেদ মণ্ডল বলেন, জমির মালিকানা নিয়ে তাদের দাবি সঠিক নয়। জমি আমাদের। সেজন্যই আমরা ঘর করতে গেছি। তবে আদালতের নির্দেশনা অমান্য করে ঘর তোলা সঠিক কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত