সিরাজগঞ্জের বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বুধবার (২৪জুন) দুপুরে সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮ শিক্ষার্থী টিফিনের পাউরুটি খাওয়ার পর পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, পাউরুটিতে গন্ধ ছিল।
এ বিষয়ে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, প্রতিদিনের মতো আজও পাউরুটি বিতরণ করা হয়। খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। দ্রুত হাসপাতালে ভর্তি করেছি।
খাবার বিতরণকারী এনজিও 'গ্রাম উন্নয়ন কর্ম' এর ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, 'পাউরুটি উৎপাদনের তারিখ ছিল ২৩ জুন, মেয়াদ শেষ ২৮ জুন। মেয়াদ উত্তীর্ণ ছিল না। অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।'
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবরিনা রহমান উর্মি জানান, 'দুপুর ৩টায় ৮ জনকে পেট ব্যথা নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও এখনো পেটের ব্যথা কমেনি । কয়েকটি টেস্ট দেওয়া হয়েছে। রিপোর্ট আসার পর আসল কারণ জানা যাবে। প্রয়োজনে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হবে।'
শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, মেয়াদ উত্তীর্ণ খাবারের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।