বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের মামলায় চিকিৎসক নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চিকিৎসক নেতা ডা. সামির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে ২০২৫ সালের অক্টোবর মাসে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

ডা. সামির হোসেন বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতিও। গণ-অভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর প্রশিক্ষক পদে বদলি করা হয়। 

স্থানীয়ভাবে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মঙ্গলবার রাতে শেরপুর সদরের একটি রেস্তোরাঁয় একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশ নিতে ডা. সামির হোসেন বগুড়া থেকে যান। খবর পেয়ে বিএনপির কিছু সমর্থক রেস্তোরাঁটির সামনে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর ককটেল হামলার অভিযোগে গত বছরের ২২ অক্টোবর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তাধীন ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ডা. সামির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত