আজ থেকে ৪২ বছর আগে ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আশার আলো জেগে উঠেছে আবার। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’।
আগামী ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক মুক্তির দিনেই ‘সুপারগার্ল’ মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।
২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় তাকে দেখা গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কেটেছেন সুপারগার্ল। এবার সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী টারগারিয়েন চরিত্রে অভিনয় করে যিনি আগেই নজর কেড়েছেন। তবে এবার জেমস গান পরিচালনার দায়িত্বে নেই। ক্যামেরার পেছনে আছেন ক্রেইগ গিলেস্পি, যিনি এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন। মিলি অ্যালককের আগে অনেকের কাছেই সুপারগার্ল মানে ছিলেন টিভি সিরিজের অভিনেত্রী মেলিসা বেনয়েস্ট। তবে পুরোনো ভক্তদের মনে থাকার কথা, আশির দশকের শুরুতে যখন সুপারম্যান ফ্র্যাঞ্চাইজি পড়তির দিকে, তখন এই সুপারগার্লকে দিয়েই নতুন হাওয়া লাগানোর চেষ্টা করা হয়েছিল।
এ সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন কারা জোর-এল (সুপারগার্ল)। পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মতো সুখী শৈশব তার ছিলো না। তিনি ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছেন এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছেন। ফলে তার চরিত্র অনেক বেশি কঠোর, ক্ষতবিক্ষত ও বাস্তববাদী। গল্পে কারা তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশে ভ্রমণ করতে গিয়ে রুথি নামের এক কিশোরীর সঙ্গে পরিচিত হন। রুথির পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপর সুপারগার্ল ও রুথি প্রতিশোধ এবং ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে বের হয়। ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহের একটি কারণ হলো লোবো চরিত্রের লাইভ-অ্যাকশন অভিষেক। এই মহাকাশ-ভাড়াটে শিকারি চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া। পরিচালক জানিয়েছেন, কমিকসের প্রতি বিশ^স্ত থেকে চরিত্রটিকে নির্মাণ করা হয়েছে।
ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে প্রচলিত সুপারগার্ল গল্পের চেয়ে বেশি পরিণত, অন্ধকার এবং আবেগঘন বলে মনে করছেন। সমালোচকদের প্রাথমিক প্রতিক্রিয়াও ইতিবাচক; কেউ কেউ এর ভিজ্যুয়াল স্টাইলকে ম্যাড ম্যাক্স্র: ফিউরি রোড এবং গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার সঙ্গে তুলনা করেছেন। এই সিনেমা শুধু সুপারগার্লের একক যাত্রা নয়, বরং ডিসি স্টুডিওস-এর নতুন সিনেমাটিক ইউনিভার্স গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের পাশাপাশি সুপারগার্লকেও কেন্দ্রীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনার অংশ এটি।
ট্র্যাজেডিতে রূপ নিল লিসার প্রেমকাহিনি
তিস্তা সেতুরক্ষা বাঁধ ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রতিনিধি দল
জাগুয়ারের বাজি জিতবে ব্রাজিল, তবে আছে সংশয়ও
দখলদাররা স্বেচ্ছায় না সরলে আইনগত ব্যবস্থা: মেয়র ডা. শাহাদাত