সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ সেখানে স্থানান্তর করা হবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশীদ বলেন, রাজধানীর যানজট কমাতে এবং বাস টার্মিনালগুলোর ওপর চাপ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও চলমান রয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট বেড়েছিল। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত