পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

ঢাকা-চট্টগ্রাম-সিলেটের আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে লুপ লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে রাজাপুর রেলস্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ট্রেনটি আপ লাইনের ওপর আটকে যায়।

রাজাপুর স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা বলেন, স্টেশনে পৌঁছানোর পর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি রেলওয়ের কারিগরি বিভাগকে জানানো হয়েছে। বিকল ইঞ্জিন দ্রুত মেরামত অথবা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, এ ঘটনার কারণে আপ লাইনে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেন চলাচলে কিছুটা প্রভাব পড়তে পারে। এর মধ্যে কর্ণফুলী এক্সপ্রেস লাকসাম স্টেশন থেকে ছেড়ে এসেছে। আপ লাইন দ্রুত সচল করা সম্ভব না হলে ট্রেনটিকে কুমিল্লা স্টেশন বা নিকটবর্তী কোনো স্টেশনে অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান,পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত