পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহাদেব বিশ্বাস নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন কাউখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।