ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে এক মহানাটকীয় রূপকথা তৈরি করলো ইকুয়েডর। ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। আর্জেন্টাইন কোচ সেবাস্টিয়ান বেক্সাসেসের অধীনে থাকা ইকুয়েডর পিছিয়ে পড়েও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে মেটলাইফ স্টেডিয়ামে।
এই হারের ফলে জার্মানির টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ পড়লো। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল জুলিয়ান নাগেলসম্যানের দল। অন্যদিকে, গ্রুপ 'ই' থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে শেষ-৩২ এর টিকিট কাটলো ইকুয়েডর।
রেফারিং বিতর্ক ও জার্মানির লিড
ম্যাচের শুরুতেই মেটলাইফ স্টেডিয়ামে ছড়ায় চরম উত্তেজনা ও বিতর্ক। লেরয় সানের গোলে জার্মানি লিড নিলেও সেই গোল নিয়ে তীব্র ক্ষোভ দেখায় ইকুয়েডর শিবির। গোলটির ঠিক আগের মুহূর্তে জার্মানির আলেকসান্ডার পাভলোভিচের বুট ইকুয়েডরের পেড্রো ভিতের মুখে আঘাত করে। হাই-বুটের কারণে ইকুয়েডরের ডিফেন্ডাররা খেলা থামিয়ে ফাউলের আবেদন করলেও রেফারি টরি পেনসো খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগে ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে বল জালে জড়ান সানে। টাচলাইনে দাঁড়িয়ে ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্টিয়ান বেক্সাসেসকে তখন রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
ইকুয়েডরের সমতায় ফেরা ও প্লাতার ম্যাজিক
তবে এই ধাক্কা সামলাতে একদমই সময় নেয়নি ইকুয়েডর। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে ম্যাচের ৯ মিনিটেই নিলসেন আনগোলোর গোলে সমতায় ফেরে বেক্সাসেসের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণের ধার বাড়ায় তারা। ৭৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২৫ বছর বয়সী উইঙ্গার গঞ্জালো প্লাতা এক দুর্দান্ত ফ্লিকে জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে পরাস্ত করে বল জালে জড়ান। এই গোলেই নিশ্চিত হয় ইকুয়েডরের ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি প্লাতার ৯ম গোল।
ম্যাচ শেষে আবেগাপ্লুত প্লাতা বলেন:
"জীবন এখন সত্যিই বদলে গেছে। প্রথম দুই ম্যাচে আমরা প্রচণ্ড ভুগেছি। আমরা অনেক আগেই কোয়ালিফাই করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমরা আরও ক্ষুধার্ত। পরের রাউন্ডে আমাদের সবটুকু দিয়ে লড়তে হবে।"
নকআউটের সমীকরণ
২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠা ইকুয়েডর শেষ-৩২ এর ম্যাচে আগামী মঙ্গলবার মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হতে পারে। আর হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া জার্মানি সোমবার মাঠে নামবে ফক্সবোরোতে; যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া কিংবা সুইডেন।
জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিচ ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, "আজকের ম্যাচে আমাদের চেয়ে ওদের জেতার তাগিদ অনেক বেশি ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে সেটা পরিষ্কার বোঝা গেছে।"
'ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না জাপান', হুঁশিয়ারি কোচের