বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ বত্রিশের স্বপ্নের লড়াইয়ের আগে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফুটবল বিশ্বের শীর্ষ স্তরে লড়াই করার সামর্থ্য তাঁর দলের রয়েছে এবং চলতি বিশ্বকাপে তারা সেটি প্রমাণ করে দেখিয়েছেন।
শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে কোনো গোল না খেয়ে (ক্লিন শিট) দলকে অবিশ্বাস্য এক ড্র এনে দেন ৪০ বছর বয়সী এই ভাইস-ক্যাপ্টেন। আর এই ড্রয়ের মাধ্যমেই নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানেই 'গ্রুপ এইচ' এর রানার্স-আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রটি।
মাত্র ৫ লক্ষ জনসংখ্যার ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পৌঁছানো সবচেয়ে কম জনসংখ্যার দেশ।
ইতিহাস গড়ার পর ম্যাচ শেষে ভোজিনহা সাংবাদিকদের বলেন, "আমরা জানি আমরা একটা ছোট দেশ থেকে এসেছি, কিন্তু আমরা এখানে লড়াই করতে এসেছি। আমাদের জাতীয় দলে প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় আছে। হয়তো অনেকে ভাবেন কেপ ভার্দের খেলোয়াড়রা অতটা ভালো নয়, কিন্তু আমরা এখানে দেখাতে এসেছি যে আমাদের আসল যোগ্যতা আছে। আমাদের খেলোয়াড়রা বিশ্বের যেকোনো বড় টুর্নামেন্ট বা বড় লিগে খেলার ক্ষমতা রাখে।"
তিনি আরও যোগ করেন, "আমরা কেপ ভার্দের মানুষের ঘুরে দাঁড়ানোর মানসিকতা এবং দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছি। আমরা আকারে ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক বড় এবং আমরা সবাই একেকজন যোদ্ধা।"
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা। মার্কিন সরকারের বিশেষ সহায়তায় তিনি যুক্তরাষ্ট্রে ছেলের খেলা দেখার সুযোগ পান। আগামী শুক্রবার মিয়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও তিনি গ্যালারিতে থাকবেন, যেখানে কেপ ভার্দে তাদের টানা ৬ ম্যাচের অপরাজেয় থাকার রেকর্ডটি ধরে রাখার লড়াইয়ে নামবে।
মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে ভোজিনহা বলেন, "দলের সামর্থ্য নিয়ে ভরসা থাকলেও, আমরা কেউ আসলে ভাবিনি এমন কিছু সত্যি হবে। পরের রাউন্ডে কোয়ালিফাই করাটা আমাদের জন্য বিশাল এক প্রাপ্তি। যেকোনো খেলোয়াড়ের জন্যই আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মুখোমুখি হওয়াটা একটা স্বপ্নের মতো।"
বিশ্বকাপে স্পেনের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আটকে দিয়ে বিশ্ব মিডিয়ার নজরে এলেও, এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি ভোজিনহা। গত মৌশুম শেষে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব 'চাভেজ'এর সাথে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে তিনি কোনো ক্লাবে নেই।
মুক্ত এজেন্ট হিসেবে থাকা এই গোলরক্ষক হাসিমুখে বলেন, "আমি বর্তমানে ফ্রি এজেন্ট। আশা করছি (বিশ্বকাপের পর) দ্রুতই নতুন কোনো ভালো প্রস্তাব পেয়ে যাব।"