আট মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:২৬ এএম

বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

আইআরজিসির দাবি, ইরানের সিরিক ও কেশমে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

এর আগে শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগের হামলার প্রতিক্রিয়ায় তারা ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

মার্কিন হামলার পর নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করে, সিরিকে যুক্তরাষ্ট্রের হামলায় হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ কোনোভাবেই দুর্বল হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, নিয়ম ভঙ্গকারী জাহাজের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনা অন্য জাহাজগুলোর জন্যও সতর্কবার্তা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ‘আগামী দিনগুলোতে তারা নরকযন্ত্রণা ভোগ করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত