মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়। জাতি তার অবদানকে সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইসঙ্গে তার কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

এরপর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শিল্পীর দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আধা ঘণ্টার জন্য রাখা হবে, যাতে তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সব আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার বিকেলের মধ্যে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত