ভোলায় ‘অচল’ ব্রিজে দুই গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে প্রায় এক দশক আগে নির্মিত একটি ব্রিজ সংযোগ সড়কের অভাবে কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। দুই পাশে রাস্তা না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ব্রিজের পাশ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছেন। এতে দুই গ্রামের কয়েক হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর ও বাটামারা গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হলেও আজ পর্যন্ত ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে সংযোগ সড়ক তৈরি হয়নি।

স্থানীয়দের ভাষ্য, শুকনো মৌসুমে সীমিতভাবে চলাচল করা গেলেও বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সংযোগ সড়কের স্থানে পানি জমে গভীর খাদ সৃষ্টি হওয়ায় ব্রিজটি এখন অনেকটাই মরণফাঁদে পরিণত হয়েছে। যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। পরে নিজেদের প্রয়োজনেই গ্রামবাসী ব্রিজের পাশ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করেন।

বাটামারা গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলীসহ কয়েকজন জানান, সংযোগ সড়কের অভাবে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে তাদের চলাচল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় শিক্ষক সোহাগ হোসাইন বলেন, সংযোগ সড়ক না থাকায় গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার দূরে উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, বাটামারা গ্রাম থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে আসে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় বিশেষ করে বর্ষাকালে তাদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মহিদুল ইসলাম বলেন, ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ‘স্বল্প ব্যয় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পে’ অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত