জার্মানিতে গুলি করে পাঁচ যুবককে হত্যা

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:১১ পিএম

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডের একটি যুবকল্যাণ কেন্দ্রে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (স্থানীয় সময়) এ তথ্য জানিয়েছে স্টাডে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে হামলার মূল অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই। তবে তদন্তের স্বার্থে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় কাউন্সিলর কারস্টেন ব্রোকেলমান এক বিবৃতিতে বলেন, হামলার স্থানটির কাছেই একটি ডে-কেয়ার সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে ওই দুই প্রতিষ্ঠানের সব শিশু ও কর্মী নিরাপদ আছেন।

তিনি বলেন, ‘এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের যাচাইবিহীন তথ্য ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে পুলিশ। গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, এসব তথ্য তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

হামবুর্গ থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক শহর স্টাডের জনসংখ্যা প্রায় ৫০ হাজার। এখানে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল।

জার্মানিতে আগ্নেয়াস্ত্রের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত। অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীকে নির্ভরযোগ্যতা প্রমাণ, প্রশিক্ষণ ও পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি অস্ত্র রাখার যৌক্তিক কারণ দেখাতে হয়। সরকারি তথ্য অনুযায়ী, ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রায় ৯ লাখ ২৯ হাজার বৈধ অস্ত্রধারীর কাছে ৩০ লাখের বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত