হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে বৈঠকের পর যৌথ মাইন অপসারণ অভিযানের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আন্তর্জাতিক জলপথে নৌ-চলাচল নিরাপদ ও বাধাহীন রাখতে উভয় দেশ এই যৌথ উদ্যোগ নেওয়ার কথা জানালেও, মাইন অপসারণের এই পরিকল্পনায় আপত্তি জানিয়েছে ইরান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, সমুদ্রপথ নিরাপদ করতে এবং হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের শর্ত ছাড়াই অবাধে জাহাজ চলাচল গ্যারান্টিযুক্ত করতে তারা তাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রসীমাকে ঝুঁকিমুক্ত করাই দুই দেশের প্রধান লক্ষ্য।
তবে ইরান এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। ইরানের দাবি, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালির মাইন অপসারণের দায়িত্ব পুরোপুরি ইরানের। দেশটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, ফরাসি বা অন্য কোনো বিদেশি শক্তির মাইন অপসারণ কার্যক্রমে তারা অংশ নিতে দেবে না এবং এ ধরনের পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে হরমুজ প্রণালি একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই অঞ্চলে মাইন অপসারণের যৌথ উদ্যোগ কেবল নৌ-নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
ওমানের সুলতানের সঙ্গে তার এই ফলপ্রসূ বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
ফিলিস্তিনে স্থায়ী শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: এরদোয়ান