আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা ব্যাংক পিএলসি এমএসএমই পণ্য প্রদর্শনী মেলা এবং নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের 'স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম' –এর আওতায় গৃহীত ঋণ পরিশোধে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা প্রাপ্ত সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
রবিবার (২৮ জুন) ঢাকার গুলশানে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এমএসএমই পণ্য প্রদর্শনী মেলায় ঢাকা ব্যাংকের ঋণ সহায়তাপ্রাপ্ত পাঁচজন নারী উদ্যোক্তা তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারজাতকরণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। দিবসটি উপলক্ষে ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ শাখাসমূহ ব্যানার, ফেস্টুন, বেলুন ও অন্যান্য প্রচারণামূলক উপকরণ দিয়ে সজ্জিত করা হয়, যা ব্যাংকের সার্বিক কার্যক্রমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD)-এর অতিরিক্ত পরিচালক মিস হাফিয়া তাজরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি -এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার এ কে এম শাহনেওয়াজ, ইভিপি ও এমএসএমই এন্ড ইর্মাজিং বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুবুর রহমান পলাশ। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, আমন্ত্রিত শাখা ব্যবস্থাপক, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একই সঙ্গে অনুষ্ঠানটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যার ফলে দেশের বিভিন্ন শাখা থেকেও কর্মকর্তারা উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে এমএসএমই পণ্য প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী ৫ জন উদ্যোক্তা এবং পুনঃঅর্থায়নের আওতায় গৃহীত ঋণ পরিশোধে অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণোদনা প্রাপ্ত নির্বাচিত ১৬ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ। এছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং অতিথিবৃন্দ এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।
এই আয়োজনের মাধ্যমে ঢাকা ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং বাংলাদেশের এমএসএমই খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।