'কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা', ঘানার ওঝার বিস্ফোরক দাবি

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

বিশ্বকাপে যখন লিওনেল স্কালোনির 'স্কালোনেতা' কেপ ভার্দের বিরুদ্ধে পরিষ্কার ফেভারিট হিসেবে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন মাঠের বাইরে শুরু হয়েছে এক অদ্ভুত তুকতাক ও কুসংস্কারের খেলা। ঘানার বিতর্কিত ওঝা নানা কুয়াকু বোনসাম প্রকাশ্য ঘোষণা দিয়েছেন:

“আমার সমস্ত আধ্যাত্মিক ক্ষমতা এবার কেপ ভার্দের সাথে থাকবে। আর্জেন্টিনা কোনোভাবেই এই বাধা পার হতে পারবে না, তারা মায়ামি থেকেই বিদায় নেবে।”

মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে। গ্রুপ পর্বে দুর্দান্ত শারীরিক ফুটবল এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিন দেখিয়ে তারা নকআউটে পা রেখেছে। আর এখন, বোনসামের দাবি অনুযায়ী, তারা নাকি পেতে যাচ্ছে এক ‘অলৌকিক’ আধ্যাত্মিক শক্তি।

নানা কুয়াকু বোনসাম ফুটবল বিশ্বে তার বিতর্কিত ও তান্ত্রিক কর্মকাণ্ডের জন্য বেশ পরিচিত। ২০১৪ বিশ্বকাপে তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন এই দাবি করে যে, তিনি বিশেষ এক 'কাহউইরি কাপাম' আচার অনুষ্ঠানের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ইনজুরিতে ফেলেছিলেন। সম্প্রতি ঘানার বিরুদ্ধে এক ম্যাচের আগে তিনি ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে 'অদৃশ্য শৃঙ্খলে বেঁধে' রাখার দাবি করেন এবং ম্যাচটি ড্র হওয়ার পর সেই অভিশাপ তোলার কথা বলেন।

ফুটবল বোদ্ধারা একে সস্তা মিডিয়া স্টান্ট বা প্রচার পাওয়ার কৌশল হিসেবে দেখলেও, বিশ্বকাপের মঞ্চে এই ধরনের লোকগাথা সবসময়ই এক বাড়তি বিনোদন ও নাটকীয়তার জন্ম দেয়।

এই জাদুকরের 'কালো জাদু'র হুমকির মুখে আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত হাত গুটিয়ে বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ‘অভিশাপ ভাঙার’ মহাযজ্ঞ। টুইটার, ইনস্টাগ্রামে আর্জেন্টাইন সমর্থকরা একের পর এক মিম, পজিটিভ এনার্জি রিচুয়াল এবং ডিজিটাল গুড লাক চার্ম শেয়ার করছেন, যাতে বোনসামের কুসংস্কারের দেওয়াল ধূলিসাৎ হয়ে যায়।

লিওনেল মেসির নেতৃত্বাধীন এই আলবিসেলেস্তে দল গত কয়েক বছরে যেকোনো মানসিক বা মনস্তাত্ত্বিক চাপকে জয় করতে অভ্যস্ত। দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়রা মাঠের বাইরের এই ধরনের ফালতু আলোচনা ও শব্দকে পাত্তাই দিচ্ছেন না। তাদের সম্পূর্ণ ফোকাস এখন মিয়ামির রণকৌশলের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত