স্থানীয় এক নেতা ও তার সহযোগিদের চাঁদার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মারধরসহ গাড়ি আটকে রাখার প্রতিবাদে নারায়ণগঞ্জ পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
নারায়ণগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে বুধবার (১ জুলাই) দুপুরে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে মিছিল বের করে বিক্ষুব্ধ মালিক ও শ্রমিকরা। পরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ধর্মঘট পালন করে তারা।
এসময় সকল ধরনের বাস চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পরে অন্যান্য বাস চলাচল শুরু হলেও বিকেল ৪টা পর্যন্ত বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ রাখতে দেখা গেছে। এতে করে ভোগান্তিতে পড়েন ঢাকা ও নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা।
আন্দোলনরত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, ক্রসফায়ারে নিহত মোমিন উল্লাহ ডেভিডের ছোট ভাই বিএনপি নেতা মাহাবুব উল্লাহ তপন ও তার সহযোগিরা চাঁদার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মারধরসহ গাড়ি আটকে রাখছে। ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বন্ধন পরিবহনের একটি বাসের মালিক ও শ্রমিককে মারধর করে বাস আটকে রেখেছে। আমরা এ বিষয় থানায় অভিযোগ দিলে পুলিশের একজন এসআইয়ের নেতৃত্বে টিম গেলেও আটকে রাখা বাস উদ্ধার করতে পারেনি। শহরের চাষাড়া, মিশনপাড়া ও খানপুর মেট্রোহল এলাকায় পরিবহন শ্রমিকদের ওপর নামধারী চাঁদাবাজরা চাঁদা না দেওয়ায় হামলা করছে। গাড়ি আটকে রাখছে।
অবিলম্বে চাঁদাবাজ মাহবুব উল্লাহ তপন ও সহযোগিদের গ্রেপ্তার দাবি করে এবিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।