বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় বিএনপির আনন্দ মিছিল

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের নবাববাড়ী সড়কে অবস্থিত মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। 

সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, প্রায় ৯ লাখ ৮০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং স্থানীয় সরকার খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় প্রণীত এ বাজেট দেশের অর্থনীতিকে গতিশীল করবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত