জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম

জাপানের ওকিনাওয়া প্রদেশের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ওকিনাওয়া প্রদেশের হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথমে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এ কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত