মৌলভীবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য আটক

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার অ্যাপসহ চারটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

শনিবার (৪ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে অবস্থানকালে গোপন সূত্রে তারা জানতে পারে, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ টিকরিয়া গ্রামের আব্দুল বারেক ভুঁইয়ার মুদির দোকানের ভেতরে একটি জুয়া চক্রের সদস্যরা অনলাইনে জুয়া খেলছে। খবর পেয়ে র‍্যাবের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ টিকরিয়া গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে মো. ইলিয়াস মিয়া (২৬), একই গ্রামের আবুল মিয়ার ছেলে মো. জাফর আলী (২৫), দুদু মিয়ার ছেলে মো. মাহফুজ আহম্মেদ রাফিন (২৬) এবং ইছাক মিয়ার ছেলে মো. জাহিদ মিয়া (৩৮)।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া খেলার একাধিক প্রমাণ পাওয়া গেছে।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত