থানায় অভিযোগের পর উধাও শাওনের সেই পোস্ট

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন অবশেষে তুমুল সমালোচনার মুখে নিজের বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলেছেন। জুলাই আন্দোলনকে অবমাননা করে অভিনেত্রীর অশ্লীল সেই পোস্টটি ভালোভাবে নেয়নি নেটিজেনরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনরাও। অবশেষে আজ শনিবার (৪ জুলাই) অভিনেত্রীর ফেসবুকে পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 

এদিকে, এ ঘটনার পর জুলাই আন্দোলনকে অবমাননা, অপপ্রচার এবং অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এমন পোস্টের পক্ষ নিয়ে মন্তব্য করায় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধেও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’র পক্ষ থেকে এ জিডিটি করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা জিডিটি করেন। 

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারেরও বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 

অভিযোগে আরও বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। জিডিতে দাবি করা হয়েছে, এই ভিডিও শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। 

এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অশ্লীল পোস্ট এবং বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত