চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন,গণভোটের রায় কার্যকর, গণতন্ত্র,ন্যায়বিচার,সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যজোট। এর আগে উপজেলার শিকলবাহা কলেজ বাজার থেকে গণমিছিল বের করে মইজ্জ্যারটেক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,জুলাই আন্দোলনের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা বিএনপি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন,জুলাই না থাকলে এ দেশে বিএনপিও থাকবে না।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে অর্জিত হলেও ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বাধীনতা নতুন অর্থ ও পূর্ণতা পেয়েছে বলে জনগণ বিশ্বাস করে। তাই জুলাই আন্দোলনের অর্জনকে উপেক্ষা বা দুর্বল করার যেকোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।
বক্তারা বলেন, আমরা বিএনপি সরকারকে সহযোগিতা করতে চাই। জনগণের ভোটে তারা সরকার গঠন করেছে এবং আমরা চাই তারা পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করুক। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নে যদি কোনো ধরনের তালবাহানা করা হয়,তাহলে দেশের মানুষ আবারও রাজপথে নামবে।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানউল্লাহ ভুইঞা,এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইল আলম মানিক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, এবি পার্টির জেলা যুগ্ম সম্পাদক ইঞ্জি.জায়েদ হাসান, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মাওলানা নোমান উদ্দিন, সাজ্জাদ হোসেন,অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী,মাওলানা আরিফুর রশিদ,আ ক ম ফরিদুল আলমসহ ১১ দলীয় নেতৃবৃন্দ।