নেইমারের সাথে দারুণ বন্ধুত্ব এখন এনদ্রিকের

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচের আগে দলের ভেতরের পরিবেশ ও কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল নিয়ে কথা বলছেন ব্রাজিলের তরুণ সেনসেশন এনদ্রিক। একই সাথে অভিজ্ঞ তারকা নেইমারের সাথে তার গভীর বন্ধুত্ব এবং বেঞ্চে বসে কীভাবে তিনি সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছেন, তা-ও অকপটে শেয়ার করেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কিংবদন্তির পাঠশালায় এনদ্রিক

ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে নেইমার খেলতে না পারলেও সম্প্রতি এনদ্রিকেট সাথে ডাগআউট শেয়ার করছেন তিনি। নেইমারের সাথে সম্পর্কের গভীরতা নিয়ে এনড্রিক বলেন:

"নেইমারের সাথে আমার সম্পর্ক চমৎকার। অনুশীলনের পর আমরা মজা করি, তাস খেলি, গল্প করি। ছুটির দিনেও আমরা একসাথে সময় কাটিয়েছি। মারকিনহোস, কাসেমিরো কিংবা অ্যালিসনের মতো যারা জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তাদের সাথে কথা বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ।"

এনদ্রিক আরও যোগ করেন, "তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়াটা দারুণ ব্যাপার, কারণ তারা ফুটবলটা খুব ভালো বোঝেন। নেইমারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আমরা বেঞ্চে পাশাপাশি বসি। আমি তার থেকে যতটুকু সম্ভব শেখার চেষ্টা করছি, কারণ আমার ক্যারিয়ারের এখনো অনেক পথ বাকি।"

জাপানের বিপক্ষে আনচেলত্তির সেই 'মাস্টারস্ট্রোক'

শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দারুণ খেলেন এনদ্রিক। সেই মুহূর্তটি নিয়ে কোচের প্রশংসা করে তিনি বলেন, "জাপানের বিপক্ষে ম্যাচটি ছিল দুর্দান্ত। ওই মুহূর্তে আমি মাঠে নামার আশা করিনি। হাফ-টাইমে যখন আমাকে ডাকা হলো, আমি মনে মনে শুধু সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যাতে মাথা ঠাণ্ডা রাখতে পারি। ড্রেসিংরুমে হঠাৎ বলা হলো আমি নামছি।"

রিয়াল মাদ্রিদের পর জাতীয় দলেও আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়া নিয়ে উচ্ছ্বসিত এনদ্রিক বলেন, "ইউরোপে উনিই আমার প্রথম কোচ। ওনার এবং ওনার স্টাফদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ব্রাজিলের কোচ হিসেবে ওনার চেয়ে পারফেক্ট আর কেউ হতে পারতো না।"

কোচের ওপর অগাধ বিশ্বাস

দলে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে এই তরুণ তুর্কি বেশ ধৈর্যশীল। আনচেলত্তির দল নির্বাচন নিয়ে এনদ্রিকের মন্তব্য:

"উনি বিশ্বের অন্যতম সেরা কোচ এবং খুব ভালো করেই জানেন কখন কী করতে হবে। গত ম্যাচেও যে ছেলেটি গোল করেছে, সে বেঞ্চ থেকেই এসেছিল। উনি আমার বা ম্যাথিউস কুনিয়ার জন্য যেটা ভালো, তা করবেন না; উনি করবেন সেটাই যা পুরো দলের জন্য সেরা। উনার ওপর সৃষ্টিকর্তার বিশেষ আলো আছে। উনি যখন আমাকে যা করতে বলবেন, আমি চোখ বন্ধ করে শুধু ওনার কথা শুনব এবং মাঠে তা করে দেখাব।"

নিজের পজিশন নিয়ে বহুমুখী প্রতিভার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, লিয়ঁতে খেলার সময় তিনি ‘নাইন’, ‘ফলস নাইন’ কিংবা রাইট উইঙ্গার হিসেবেও দলকে সাহায্য করেছেন। আনচেলত্তিও তার এই গুণগুলো খুব ভালো করে চেনেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত