কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিজচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির নিহত হয়েছেন। পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথায় শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৫৩) ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। এছাড়া তিনি দৈনিক কালবেলা ও দৈনিক আজাদী পেকুয়া প্রতিনিধি সাংবাদিক দেলওয়ার হোসাইনের বড় ভাই।
তিনি স্থানীয়ভাবে 'মাছন পাগলা' নামে পরিচিত ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ দিন বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। দলীয় সভা সমাবেশের মাইকিং করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ওয়াপদা চত্বরে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।