মাদারীপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে রোজা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী পথচারী নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে ডাসার থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী রোজা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৯৩০) একটি বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাসটি আটক করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে এসে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। হাইওয়ে পুলিশ মরদেহের দায়িত্ব নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত