বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
এতে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজেসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অধীনে একটি নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুলের আরজি জানিয়েছেন আইনজীবী।
রিট আবেদনে বলা হয়েছে, বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ সংশ্লিষ্ট ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা।
রিটকারী আইনজীবী ফাহমিদা আখতার সাংবাদিকদের বলেন, দেনমোহর হচ্ছে দেশের আইন ও ইসলাম ধর্ম অনুযায়ী স্ত্রীর একটি বৈবাহিক অধিকার এবং স্বামী তা দিতে বাধ্য। তবে আইন ও ধর্মে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও বাস্তবে দেনমোহর ফাঁকি দেওয়ার জন্য সমাজে এক ধরনের অপসংস্কৃতি রয়েছে।