অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নোটিশ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:২৭ এএম

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের উদ্দেশ্যে অসদাচরণ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

রবিবার (৫ জুলাই) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকতা মো. নাসির উদ্দিন এ নোটিশ জারি করেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা ও মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশে বলা হয়, গত ৪ জুলাই দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী, কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। এ সময় তারা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেন। পাশাপাশি অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে এসব কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল উল্লেখ করে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

চার আইন কর্মকর্তাকে নোটিশের বিষয়ে অবগত আছেন জানিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল বলেন, এটা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গে যে প্রক্রিয়া অনুসরন করা উচিৎ, সেটিই করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত