টয়লেট থেকে কলেজছাত্রকে গলাকাটা অবস্থায় উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৫০ এএম

খুলনার দৌলতপুর থানার গলাকাটা অবস্থায় ইমন নামের এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) নতুন রাস্তার মোড়ের একটি পরিবহনের কাউন্টারের টয়লেট থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

একই ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে এটি ডাকাতি, পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আহত ইমন (২০) দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার শাহজাহান সাজুর ছেলে ও খুলনা সরকারি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় জানায়, রবিবার মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে সহকর্মীরা তাকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে কাউন্টারের টয়লেটের মধ্যে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান।

পরিবহনের কাউন্টারের কর্মকর্তা বলেন, আমাদের কিছু ক্যাশ চুরি হয়েছে। আমরা এখন পুলিশের সঙ্গে কথা বলছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

আহত ইমনের মামাতো ভাই মিরাজ হোসেন বলেন, আজই তিনি চাকরিতে যোগ দিয়েছিল। কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগ জানায়, ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে টয়লেট থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত