রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে নিজস্ব ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’র জন্য শ্রেষ্ঠ উদ্ভাবনী পণ্য হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি।
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২০২৬’ অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়। সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের মাল্টি পারপাস হলরুমে আয়োজিত ইনোভেশন শোকেসিং ২০২৫-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর কাছ থেকে জনতা ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমা মোবারেক।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করতে ‘জনতা পে’ চালু করা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর এই পেমেন্ট গেটওয়ে গ্রাহকদের দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা প্রদান করছে।
সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়নে ‘জনতা পে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংক সংশ্লিষ্টদের মতে, এ পুরস্কার জনতা ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়ন এবং গ্রাহকসেবায় উৎকর্ষতা অর্জনের স্বীকৃতি। ভবিষ্যতেও আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ জনতা ব্যাংক।